চেয়ারম্যানের বানী
আবুজর গিফারী কলেজ, মালিবাগ, ঢাকা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
তথ্যপ্রযুক্তিনির্ভর দ্রুত পরিবর্তনশীল এই যুগে শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা হতে হবে দক্ষতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ। আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান-বিজ্ঞান অর্জনের পাশাপাশি সুশিক্ষিত, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। কেননা আমাদের প্রতিষ্ঠানের মূল ভিত্তি - মানবতা, শৃঙ্খলা ও প্রগতি-এই তিনটি স্তম্ভকে সামনে রেখে আমরা একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবতার চর্চা শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করবে; শৃঙ্খলা তাদের জীবনকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল করে তুলবে; আর প্রগতির চেতনা তাদেরকে সময়োপযোগী জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলবে।
এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারা আমার জন্য একদিকে যেমন গর্বের, অন্যদিকে তেমনি একটি গুরু দায়িত্বও বটে। বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে, যেখানে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত সক্ষমতা একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি। এই প্রেক্ষাপটে আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা প্রদান নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, নৈতিকতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী ক্ষমতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলা। আমরা চাই, এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী যেন একজন আদর্শ মানুষ, সচেতন নাগরিক এবং দেশের উন্নয়নে সক্রিয় অবদানকারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
কলেজের একাডেমিক মানোন্নয়ন, প্রযুক্তির সঠিক ব্যবহার, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের বিকাশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও প্রেরণাদায়ক পরিবেশ নিশ্চিত করতে গভর্নিং বডি সর্বদা সচেষ্ট থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে।
অধ্যাপক আবু নাসের আহমেদ ইসতিয়াক, পি.এইচ.ডি